সাজশিল্পীদের ঘরে বড়দিনের আনন্দ নেই
বালমা মৃর বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর গড় এলাকায়। টাঙ্গাইল শহরের একটি বিউটি পারলারে সাজশিল্পী (বিউটিশিয়ান) হিসেবে কাজ করেন। প্রতিবছর বড়দিনে বাড়ি যান তিনি। কিন্তু এবার যেতে পারেননি। কারণ, হরতাল-অবরোধের কারণে বিউটি পারলারের ব্যবসায় খুব মন্দা যাচ্ছে। বালমার আয়-রোজগার নেই বললেই চলে।
শুধু বালমা মৃ নয়, মধুপুর গড় এলাকার প্রায় দুই হাজার সাজশিল্পীর ঘরে এবার বড়দিনের আনন্দ নেই। তাঁরা ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিউটি পারলারে কাজ করেন।
টাঙ্গাইল জেলা বিউটি পারলার মালিক সমিতির সভাপতি শাহিন আরা জানান, বিউটি পারলারগুলোতে সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাজের চাপ বেশি থাকে। এই সময় বিয়েসহ বিভিন্ন উৎসব লেগে থাকে। তাই দম ফেলার সময় থাকে না। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই উল্টো।
মধুপুরের গাছাবাড়ি গ্রামের সাজশিল্পী হেনা ম্রং বলেন, এবার উৎসবের জন্য বাড়তি টাকা জমানো তো দূরের কথা, কোনোমতে থেকে-খেয়ে কর্মস্থলে টিকে থাকাই কঠিন।
মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, হরতাল-অবরোধের কারণে সাজশিল্পীদের পরিবারের সদস্যদের মাঝে বড়দিনের আনন্দ নেই।