সাজা এড়াতে দুই বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
তিন মাসের সাজা এড়াতে প্রায় দুই বছর পলাতক ছিলেন মো. হাবিবুর রহমান (৪৫) নামের বিএনপির এক নেতা। অবশেষে গত বুধবার ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মো. হাবিবুর রহমান হাজীগঞ্জ গ্রামের আমাতুল্যাহ শেখের ছেলে ও কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আনুমানিক দুই বছর আগে কাঠ কাটা স মিল-সংক্রান্ত একটি মামলায় আদালত হাবিবুরকে তিন মাসের শাস্তি দেন। এ রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, মাত্র তিন মাসের সাজা এড়াতে হাবিবুর প্রায় দুই বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।