
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা মামলার পুনর্বিচারে জেএমবির দুই সদস্যের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন শীর্ষ জঙ্গি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা শহিদুল্লাহ ওরফে মাহাবুব। অপরজন হচ্ছেন শফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম। রায় ঘোষণার সময় তাঁদের আদালতে হাজির করা হয়।
এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এনতাজুল হক জানান, ২০১০ সালের ২৮ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার সময় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই দুই আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মঞ্জুরুল বাছেদ এ রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণ না হওয়ায় অপর ছয় আসামিকে তখন খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে পুনর্বিচারের আদেশ দিয়ে মামলাটি এই ট্রাইব্যুনালে ফেরত পাঠান। পুনর্বিচারে আগের ত্রুটি-বিচ্যুতিগুলো বাছাই করে দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।