সাজা কমিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর কাউকেই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তবে প্রত্যেকের সাজা কমিয়ে অর্ধেক করা হয়েছে। সাজা চলাকালে তাঁদের ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক কাউন্সিল তাঁদের সঙ্গে প্রহসন করেছে। কাজেই তাঁরা আবার আন্দোলন করবেন ও উচ্চ আদালতে যাবেন। সাজা পাওয়া শিক্ষার্থীরা আপিল করলে গত ২২ জুন একাডেমিক কাউন্সিল বৈঠকে বসে। গতকাল বুধবার বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, স্থায়ীভাবে বহিষ্কার চারজনের শাস্তি প্রত্যাহার করে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই বছরের শাস্তি কমিয়ে এক বছর ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক বছরের শাস্তি পাওয়া শিক্ষার্থীদের ছয় মাস ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাঁদের আগে ১৫ হাজার টাকা জরিমানা ছিল তাঁদের জরিমানা কমিয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। সিদ্ধান্তে আরও জানানো হয়, সাজা চলাকালে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা বিনা অনুমতিতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়ত, ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ‘আমি অনুতপ্ত, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে এমন কোনো গর্হিত কাজে জড়িত থাকব না’—এই রূপ অঙ্গীকারনামা জমা দিতে হবে। ৩০ দিনের মধ্যে অঙ্গীকারনামা ও জরিমানার টাকা না দিলে আগের শাস্তি বহাল থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এতে প্রবেশ করা যাবে না—এমন সিদ্ধান্ত অন্যায়। আর যে অঙ্গীকারনামা দেওয়ার কথা বলা হয়েছে, সেটিও অপমানজনক। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ক্যাম্পাসে প্রবেশের জন্য শিক্ষার্থীদের অনুমতি নিতে হবে—এই আদেশটি হাস্যকর ও বাড়াবাড়ি। এ ব্যাপারে ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘এসব ব্যাপারে আমি কিছুই জানি না। এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত।’গত ৫ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি ও ভাঙচুরসহ নানা অভিযোগে চারজনকে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে, দুই বছরে জন্য সাতজনকে এবং এক বছরের জন্য ১৩ জনকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই বিক্ষোভ, ক্লাস বর্জন ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একাডেমিক শাস্তি হবে না—এই আশ্বাসে ১৭ জুন তাঁরা অনশন প্রত্যাহার করেন।