সাজা খাটার পরও তাঁরা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের কারাগারে চাঁপাইনবাবগঞ্জের ২৪ জন বন্দী রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
ভারতে বন্দী ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মো. আনোয়ারুল (৩৪), পিয়ালীমারি গ্রামের তোফাজুল হক (৩৩), সাদেকুল ইসলাম (৩৭), মিজানুর রহমান (৪৬), আরিফুল হক (২৩), মো. রহিম (২৩), তারাপুর ঠুঠাপাড়ার ইব্রাহিম শেখ (২০), আবদুল মান্নান (২৪), নতুন বার রশিয়া গ্রামের আহসান রেজাউল করিম (৩৭), আবদুস সালাম (৪৭), মাশিরুল ইসলাম (৩৩), মো. কবির (৩২), জাহাঙ্গীর ইসলাম (৩০), জিয়ারুল হক (৩৩), জহির উদ্দীন (৩০), মো. আতিকুল (৩৮), পনেরো রশিয়া গ্রামের সুজন আলী (৩৮), আবদুর রহিম (২১), কাইউম আলী (৩৮), তেত্রিশ রশিয়া গ্রামের আনারুল হক (৪০), জিয়া নগর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), রসুন চক সাত রশিয়া গ্রামের রহিম উদ্দীন (৩৫), চল্লিশ রশিয়া গ্রামের আবদুল খালেক (৩০), গোমস্তাপুর উপজেলার মোমিন পাড়ার আবদুল খালেক (৪০)।
মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিক প্রথম আলোকে বলেন, ‘ভারতের মনিপুর কারাগারে বন্দী শিবগঞ্জ উপজেলার ২৪ জনের আত্মীয়স্বজনের দরখাস্ত আমি জেলা প্রশাসকের কাছে দিয়েছি। এঁরা সবাই হতদরিদ্র পরিবারের। খেয়ে না-খেয়ে তাঁদের দিন কাটছে।’
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভারত ও বাংলাদেশের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের যৌথ সভায় সাজার মেয়াদ শেষ হওয়ার পরও যথাসময়ে বন্দী মুক্ত না হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। এ ক্ষেত্রে পদ্ধতিগত দীর্ঘসূত্রতা অর্থাৎ সাজার মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশের যাচাই-বাছাই প্রক্রিয়াতেই দীর্ঘসময় ব্যয় হয়ে যায়।