চালকের অসতর্কতায় মৃত্যুর সাজা সাত বছর বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাত বছরের পরিবর্তে তিন বছরের সাজার বিধান করে দণ্ডবিধিতে আনা সংশোধনী অবৈধ ও সংবিধানপরিপন্থী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিদের সাত বছরের সাজার বিধানটি বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
১৯৮৫ সালের সংশোধনীর মাধ্যমে চালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়েছিল। এই সংশোধনী বাতিল চেয়ে জনস্বার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে তিনি বলেন, ১৯৮৫ সালের ১০ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে দণ্ডবিধির ৩০৪বি ও ফৌজদারি কার্যবিধির তফসিলে পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়। সাজার মেয়াদ কম হওয়ায় দিন দিন গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনা বেড়ে চলছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। দুর্ঘটনায় মৃত্যুর কারণে সেই অধিকার থেকে নাগরিকেরা বঞ্চিত হচ্ছেন। তাই ওই সংশোধনী জনস্বার্থবিরোধী ও সংবিধানপরিপন্থী।
শুনানি শেষে গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪বি ধারায় সাজার মেয়াদ কমানো-সংক্রান্ত ১৯৮৫ সালের সংশোধনী আইন কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০১১ সালে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়।
রিট আবেদনের ওপর আজ রায় ঘোষণা করলেন আদালত।