সাজা দিলেন শাস্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের নামে অমানবিক ও সম্মানহানিকর সাজা দেওয়ায় দিনাজপুরের পার্বর্তীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জন কেনেডি জাম্বিলের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে কমিশনার কার্যালয়ে প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল পার্বতীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে পৌর এলাকায় যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ রাখার বিধান রয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে জন কেনেডি জাম্বিলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের নিয়ে তিনি পার্বতীপুর পৌরসভার থানার মোড়, পুরাতন বাজার, নতুন বাজার ও ঢাকা মোড় এলাকায় আদালত পরিচালনা করেন। এ সময় বেসরকারি সংস্থা ও ব্যাংকের কর্মকর্তা এবং শিক্ষকসহ শতাধিক ব্যক্তিকে আটক ও তাঁদের মোটরসাইকেল জব্দ করা হয়। শত শত মানুষের উপস্থিতিতে আটক ব্যক্তিদের ৫০ বার কান ধরে ওঠবস করানো হয় এবং রাস্তায় গড়াগড়ি দিতে বাধ্য করা হয়।পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান সরকার জানান, পৌর এলাকার ঢাকা মোড়ে ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ ধরনের শাস্তি পালনে বাধ্য করার সময় ক্ষুব্ধ জনতা সহকারী কমিশনারকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে গাড়িতে উঠে পালানোর সময় জনতা তাঁকে লাঞ্ছিত করে। দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে তিনি বুধবার বিকেলে পার্বতীপুরে যান। নিজে তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে রাতে জারি করা এক আদেশে সহকারী কমিশনার (ভূমি) জন কেনেডি জাম্বিলকে নির্বাচনী সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রত্যাহার করা হয়। সাধারণ মানুষের সঙ্গে জন কেনেডি জাম্বিলের আচরণের বিষয়টি লিখিতভাবে জানানোর পর রংপুর বিভাগীয় কমিশনার তাঁকে বিভাগীয় কার্যালয়ে প্রত্যাহার করে নেন।