সাজা দেওয়ার ক্ষেত্রে আলাদা শুনানি-ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় সাজা দেওয়ার যে চর্চা চলে আসছে, তা সামগ্রিকভাবে সাজা দেওয়ার ক্ষেত্রে সমতার নীতির পরিপন্থী। এ জন্য সাজা দেওয়ার ক্ষেত্রে বিচারকের ক্ষমতাকে বিধিবদ্ধ করা জরুরি, না হলে এ ক্ষমতা স্বৈরাচারী ও খেয়ালখুশিমতো ব্যবহার হতে থাকবে। এ ছাড়া ফৌজদারি মামলায় সাজা দেওয়ার বিষয়ে আলাদা শুনানির ব্যবস্থা করা যেতে পারে।
ফৌজদারি বিচারে সাজা দেওয়ার ক্ষেত্রে নীতি ও চর্চাবিষয়ক (সেনটেন্সিং: পলিসি অ্যান্ড প্র্যাকটিস) আলোচনা সভায় গতকাল শনিবার একাধিক বক্তা এ মত দেন। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) তাদের কার্যালয়ে এ আলোচনার আয়োজন করে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এইচ এম ফজলুল বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান। ‘অ্যান অ্যাপ্রাইজাল অব সেনটেন্সিং ইন বাংলাদেশ: বিটুইন কনভিকশন অ্যান্ড পানিশমেন্ট’ শীর্ষক প্রবন্ধে ফজলুল বারী প্রচলিত ফৌজদারি বিচারে সাজা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি সুপারিশ করেন, সাজা দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার যেখানে বিচারকের ক্ষমতা নিরপেক্ষভাবে প্রয়োগের ব্যবস্থা থাকবে।
মাহবুবুর রহমানের উপস্থাপিত প্রবন্ধের নাম ছিল ‘লিগ্যাল অ্যান্ড এক্সট্রা-লিগ্যাল ফ্যাক্টরস ইন সেনটেন্সিং প্র্যাকটিসেস অব বাংলাদেশ।’ তিনি বলেন, বিদ্যমান দেশীয় আইনে সর্বোচ্চ ও সর্বনিম্ন সাজা উল্লেখ করা থাকে। এ ক্ষেত্রে অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তাঁকে কী সাজা দেওয়া হবে, তা পুরোপুরি বিচারকের হাতে ছেড়ে দেওয়া হয়। যার ফলে সাজা দেওয়ার ক্ষেত্রে একধরনের বৈষম্য দেখা যায়।
১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া ৮৩৮টি মামলার রায় বিশ্লেষণ করে মাহবুবুর রহমান দেখিয়েছেন, সাজা বাড়ানো বা কমানোর ক্ষেত্রে যেসব যুক্তি ব্যবহার করা হচ্ছে, তা একে অন্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সাজায় অপরাধের গুরুত্ব বা মাত্রা প্রতিফলিত হওয়ার কথা বলা হলেও বাস্তবে যে সাজা দেওয়া হচ্ছে, তা যুক্তিসংগত হচ্ছে না। তিনি মন্তব্য করেন, যখন বিচারিক সাজা আগে থেকে অনুমান করা যায়, তখন সেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যায়।
বাংলাদেশে সাজা দেওয়ার জন্য পৃথক শুনানি প্রয়োগে সমস্যার দিকটি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক রিদওয়ানুল হক। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে এ পদ্ধতি প্রচলিত। কিন্তু বাংলাদেশে সমস্যা হলো, এখানে মামলার শেষ পর্যন্ত অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করে ও খালাস চায়। তাই সাজা বাড়ানো বা কমানো নিয়ে শুনানি অর্থহীন হয়ে পড়ে।
বাংলাদেশে কোনো দণ্ডনীতি নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, সাজা দেওয়ার ক্ষেত্রে সমতা জরুরি। সেইসঙ্গে বিচার্য বিষয়গুলো সমানভাবে বিবেচনা করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, কয়েক দিন আগে আপিল বিভাগ এক সম্পাদককে আদালত অবমাননার দায়ে কয়েক ঘণ্টা বসে থাকার সাজা দিলেন। একই অপরাধে আরেক সম্পাদককে একই আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। আদালত এটা দিতেই পারেন, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বললেন, ‘কনভিকশন ইজ কনভিকশন’। এক দিনের সাজা আর এক বছরের সাজার মধ্যে পার্থক্য নেই। অ্যাটর্নি জেনারেলের এ ধরনের কথায় বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
ফৌজদারি বিচারব্যবস্থা এখনো মধ্যযুগে রয়ে গেছে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।
সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সাজা দেওয়ার ক্ষেত্রে বিচারকের ক্ষমতা পুরোপুরি খর্ব করা যাবে না। আলু চুরি ও গাড়ি চুরি—দুটোই চুরি। কিন্তু দুই চুরির সাজা এক হতে পারে না। এ ক্ষেত্রে সাজা কী হবে, তা অবশ্যই বিচারকের বিচারবুদ্ধির ওপর ছেড়ে দিতে হবে। আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম কে রহমান, হারুন অর রশীদ প্রমুখ।