সাজা না হওয়ায় বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে গত ১৫ বছরে ছাত্রীদের ওপর যৌন হয়রানির অন্তত ১২টি ঘটনা আলোচিত হয়েছে। এর একটি বাদে বাকি ১১টি ঘটনার অভিযুক্ত ব্যক্তিরা স্থায়ীভাবে সাজা পাননি। বরং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগকারী ও আন্দোলনকারীদের সাজা দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে অনেক ঘটনা বিভাগীয় পর্যায়েই মিটিয়ে ফেলার অভিযোগ আছে। এসব ঘটনায় আন্দোলন হয়েছে, তদন্ত কমিটিও হয়েছে। তারপর বিষয়টি চাপা পড়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা শাস্তি না পাওয়ায় এবং বিষয়টি চাপা পড়ায় বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা বন্ধ হচ্ছে না।বিশ্ববিদ্যালয়ে কেউ যৌন হয়রানির শিকার হলে প্রক্টরের কাছে লিখিত অভিযোগের নিয়ম রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার কথা। অভিযোগ উঠেছে, প্রশাসন ও তদন্ত কমিটি শিক্ষকনির্ভর হওয়ায় অভিযুক্ত শিক্ষকেরা বিচারের সম্মুখীন হচ্ছেন না। শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি খুব উত্তপ্ত হলে নিয়ম রক্ষার জন্যই তদন্ত কমিটি হয় বা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অবস্থা শান্ত হয়ে এলে অভিযুক্ত শিক্ষক আবার স্বপদে ফিরে আসেন। আলোচিত ১২ ঘটনা১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ২০ শিক্ষার্থীকে ধর্ষণ ও ৩০০ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ২০০৬ সালে বাংলা এবং ২০০৮ সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ছাড়া বিভিন্ন সময় আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং মনোবিজ্ঞান বিভাগের একজন করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৯৫ সালে বাংলা, ২০০২ সালে লোকপ্রশাসন, ২০০৩ সালে নৃবিজ্ঞান, ২০০৫ সালে সমাজবিজ্ঞান এবং ২০০৬ সালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। সাজা পেয়েছেন একজনএই ১২টি ঘটনার মধ্যে কেবল ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত, বিভাগীয় কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে তাঁদের অনেকেই যথারীতি স্বপদে ফিরে এসেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অভিযুক্ত শিক্ষক রিয়াজুর রহমান উচ্চশিক্ষার্থে বিদেশে রয়েছেন। কেউ স্বেচ্ছায় অবসরে গেছেন। অথচ ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারী এবং যাঁরা তাঁর শাস্তির দাবি করেছিলেন তাঁদের অনেককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বহিষ্কৃত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখন পর্যন্ত পরীক্ষা দিতে পারছেন না। কিন্তু অভিযুক্ত শিক্ষক বিভাগের সব কর্মকাণ্ডে এখনো বহাল আছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিযুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ কিছু সিদ্ধান্ত নিলে তিনি উচ্চ আদালতে যান এবং এ সিদ্ধান্তের স্থগিতাদেশ নিয়ে বিভাগে ফিরে আসেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওটা ডেড ইস্যু। ওটা নিয়ে আর কাটাছেঁড়া না করাই ভালো। বিষয়টি প্রশাসন দেখবে। এসব নিয়ে কেউ কথা বলুক, আমি আর তা চাই না।’যৌন হয়রানির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, অভিযুক্ত শিক্ষকদের বিভাগের খাতা দেখা ও প্রশ্ন করা থেকে বিরত রাখা হয়। এতে শিক্ষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তাঁদের অন্য কোনো সাজা হয় না। দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা কম ঘটত।যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীরা জানান, তদন্ত কমিটি সর্বশেষ কী অবস্থায় আছে তা তাঁরা জানেন না। অনেক শিক্ষার্থী বলেছেন, অভিযোগ করে কোনো ফল হয় না। বরং এতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এ আশঙ্কায় অনেক ছাত্রী অভিযোগ না করে বিষয়টি চেপে যান। ২০০৯ সালে উচ্চ আদালত যৌন হয়রানিবিরোধী দিকনির্দেশনা দেন। এ ছাড়া ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও একটি নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠায়। বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের আইনের সঙ্গে এ নীতিমালার বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে কোনো বিশ্ববিদ্যালয় এখনো এটি পুরোপুরি বাস্তবায়ন করেনি।