সাজা বাড়াতে এবার আপিলে পক্ষ হলো দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির একটি মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তিন বছরের সাজার বৃদ্ধি চেয়ে সরকারের করা আপিলের সঙ্গে এবার সহ-আপিলকারী হিসেবে যুক্ত হয়েছে দুদক। সহ-আপিলকারী হিসেবে অন্তর্ভুক্ত হতে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর  হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

দুদকের আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। এরশাদের পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। এরশাদ ও সরকারের করা দুটিসহ তিন আপিল একসঙ্গে শুনানির জন্য ৩ এপ্রিল কার্যতালিকায় আসবে বলে জানান খুরশীদ আলম খান। তিনি বলেন, তিন বছর সাজার বিরুদ্ধে এরশাদ আপিল করেন। এতে দুদক আগে পক্ষভুক্ত হয়। সাজা বৃদ্ধি চেয়ে সরকার ১৯৯২ সালে একটি আপিল করে। এরশাদের পক্ষে ওই মামলায় সাফাই সাক্ষী ছিলেন তৎকালীন সাংসদ তাজুল ইসলাম চৌধুরী। সাজার রায়ের পর সাক্ষ্যে জাল কাগজপত্র দেওয়ায় তাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতে আবেদন করে, যা খারিজ হয়। এর বিরুদ্ধে ১৯৯২ সালে রাষ্ট্রপক্ষ আরেকটি আপিল করে। এই দুই আপিলে সহ-আপিলকারী হিসেবে দুদক অন্তর্ভুক্ত হয়েছে।

তিন বছর সাজার রায়ের বিরুদ্ধে এরশাদের করা আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৩ মার্চ রায়ের দিন রেখেছিলেন। তবে সাজার রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের পৃথক আপিল বিচারাধীন এবং একসঙ্গে শুনানির আদেশ থাকায় সেদিন রায় ঘোষণা হয়নি।