সাজা ভোগ শেষে মুক্ত ট্রাকচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে স্কুল ছাত্রসহ ৪৪ জন নিহত হওয়ার ঘটনায় সাজা ভোগ করে মুক্তি পেয়েছেন ট্রাকচালক মো. মফিজ। গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে চালক মফিজকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালিয়ে যাত্রী জখমের দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। ২০১১ সালের ৮ ডিসেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
জাহেদুল আলম জানান, মফিজের পাঁচ বছরের সাজার মধ্যে এক চতুর্থাংশ মওকুফ (রেয়াত) হয়। এতে গত রোববার তাঁর সাজা শেষ হয়ে যায়। আর জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে। তিনি জানান, আদালতের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার সকালে মফিজকে মুক্তি দেওয়া হয়।
জাহেদুল আলম জানান, সশ্রম কারাদণ্ড পাওয়া আসামিরা সাধারণত সাজা রেয়াত পেয়ে থাকেন।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ ছাত্রসহ ৪৪ জন নিহত হয়। পরে এই ঘটনায় চালক মফিজকে আসামি করে মিসরাই থানায় মামলা করা হয়।