সাজা ভোগ শেষে কাশিমপুর কারাগার থেকে ৮৭ জন মুক্ত
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল বুধবার ৮৭ জন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। চার মাস সশ্রম কারাদণ্ড ভোগ শেষে কারা কর্তৃপক্ষ তাঁদের মুক্তি দেন। ‘বিডিআর বিদ্রোহ’ মামলায় পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক মেজর জেনারেল রফিকুল ইসলাম গত ২৭ জুন তাঁদের চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন। কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিটের জেলার আমজাদ হোসেন জানান, সাজাশেষে তাঁর ইউনিট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ১৪ জনকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া ১ নম্বর ইউনিটে আরও ৮০৩ জন বিডিআর সদস্য বন্দী আছেন। তাঁদের অনেকে সাজাপ্রাপ্ত এবং আবার কারও বিচার চলছে। কাশিমপুর কারাগারের ২ নম্বর ইউনিটের জেলার সুভাষ চন্দ্র ঘোষ জানান, একই মামলায় চার মাসের সাজা শেষে তাঁর ইউনিট থেকে ৭৩ জনকে মুক্তি দেওয়া হয়। এ কারাগারে বিডিআর মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আরও এক হাজার ৬৫৮ জন রয়েছেন।