সাজা শেষ, দেশে ফিরতে পারছেন না ৮০ বিদেশি

ভারত, পাকিস্তানসহ চারটি দেশের ৮০ জনের সাজা শেষ হলেও তাঁরা মুক্ত কয়েদি (রিলিজ প্রিজনার) হিসেবে দেশের বিভিন্ন কারাগারে আটক আছেন। কিন্তু নিজ দেশে ফিরতে পারছেন না।
সম্প্রতি কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দীন বলেন, সাজা খাটার পর ৮০ জন বিদেশি মুক্ত কয়েদি হিসেবে দেশের বিভিন্ন কারাগারে আছেন। সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সম্মতি পাওয়া গেলে তাঁদের হস্তান্তর করা হবে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, মুক্ত কয়েদিদের মধ্যে ভারতের ৫৯ জন, মিয়ানমারের ১৪ জন, পাকিস্তানের ৫ জন ও নেপালের ২ জন নাগরিক দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। জাল মুদ্রা, মাদক ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। এসব মামলায় পরে তাঁদের কারাদণ্ড হয়। ওই সব মামলায় সাজাভোগ শেষ হলেও নিজ দেশে ফিরে যেতে না পারায় পাঁচ মাস থেকে সাত বছর পর্যন্ত তাঁরা কারাগারে আছেন। এঁদের মধ্যে ভারতের বিহারের বাসিন্দা নিজামউদ্দিন মুক্ত কয়েদি হিসেবে গত বছরের ১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ১১ মাস ধরে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে আছে।
সূত্র জানায়, কারাভোগ শেষ হলেও পৃথকভাবে মুক্ত কয়েদিদের কারাভোগ শেষ হলে তাঁদের বিষয়ে কারা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব মুক্ত কয়েদির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-প্রশাসন) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, এর আগেও মুক্ত কয়েদিদের তাঁদের নিজ দেশে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের আগ্রহের পর দূতাবাসের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়। কখনো কারাফটকে, আবার কখনো সীমান্তে মুক্ত কয়েদিদের তাঁদের দেশে ফিরে যাওয়ার জন্য হস্তান্তর করা হয়।
উদাহরণ টেনে কারা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, গত বছরের ১০ নভেম্বর উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া ও তাঁর দুই সহযোগীকে ভারতীয় দূতাবাসে হস্তান্তর করা হয়। পুলিশ ১৯৯৭ সালে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান ও জাল মুদ্রা রাখার অভিযোগে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হওয়া ওই মামলায় সাজা শেষ হয় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি।