সাজা শেষ হওয়ায় দাউদ মার্চেন্টকে ফেরত দেওয়া হবে
আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সোমবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘যে বিদেশিদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কয়েকজন কারাগারে রয়েছে। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠাতে আমরা সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করি। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দাউদ মার্চেন্টের ক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিনিময়ের কিছু নেই।’
মুম্বাইয়ের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ আগস্ট আন্ধেরতে হত্যা করা হয়। ওই মামলায় সন্দেহভাজন ভাড়াটে খুনি দাউদ মার্চেন্ট গ্রেপ্তার হলে ২০০২ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ। ২০০৯ সালে ১৪ দিনের প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি। ওই বছরের ২৮ মে ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ দাউদকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। পাসপোর্ট আইনে মামলা হয় তাঁর বিরুদ্ধে।
২০১৪ সালের ডিসেম্বরে দাউদ জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পরপরই তাঁকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।