সাজা শেষ হলেও দেশে ফিরতে পারছেন না ১৫৬ বাংলাদেশি বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরতে না পেরে পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ১৫৬ জন বাংলাদেশি বন্দী আন্দোলনে নেমেছেন। এ লক্ষ্যে গত রোববার ও সোমবার তাঁরা কারাগারে অনশন করেন।বহরমপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, এক বছর আগে এই বন্দীদের সাজা শেষ হলেও তাঁরা কূটনৈতিক জটিলতায় দেশে ফিরতে পারছেন না। বন্দীদের মধ্যে ১৯ জন মহিলা বন্দীও আছেন। তাঁদের অনেকেই মধ্যপ্রাচ্য ও ভারতে চাকরির আশায় দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে পুলিশ ও বিএসএফের হাতে ধরা পড়েন। এর আগে এসব বন্দী দ্রুত দেশে ফেরার দাবিতে গত বছরের মার্চ মাসেও অনশন করেছিলেন। সেবার জেলা প্রশাসন ও জেল কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন। কিন্তু দীর্ঘ এক বছরেও দেশে ফিরতে না পেরে তাঁরা ফের গত রোববার অনশন শুরু করেন। এবারও বহরমপুর জেলা প্রশাসন ও জেল কর্তৃপক্ষ তাঁদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা মঙ্গলবার অনশন ভঙ্গ করেন।