সাজা শেষে এক জেএমবি সদস্যের মুক্তি
চট্টগ্রামে সাজা শেষ হওয়ায় ছাড়া পেয়েছেন আবদুল হাফিজ নামের জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য। আজ বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
হাফিজ নীলফামারীর জলঢাকার আবদুল হাইয়ের ছেলে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাঁকে। তিনি ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর কারাগারে যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ কারাধ্যক্ষ মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, জেএমবির সদস্য আবদুল হাফিজের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় নগরের কোতোয়ালি ও জেলার বান্দরবান থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। এর মধ্যে কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁর ১০ বছরের সাজা শেষ হয় গতকাল মঙ্গলবার। বান্দরবান থানার মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলায় ছয় মাস আগে তিনি জামিন পান। কিন্তু আরেকটি মামলায় সাজা শেষ না হওয়ায় তিনি এত দিন মুক্তি পাননি।