সাজা শেষে দুই ভারতীয়কে ফেরত দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়ে সাজা ভোগের পর দুই ভারতীয় নাগরিককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার দক্ষিণপাড়া গ্রামের রামু শিং (৩০) এবং গঙ্গারামপুর থানার চরপাড়া গ্রামের বিশ্বজিৎ সরকার (২৭)।
রামু শিং ও বিশ্বজিৎ জানান, হিলি ও আটাপাড়া সীমান্ত এলাকা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, অনুপ্রবেশের দায়ে রামু শিং ১৫ মাস দিনাজপুর জেলা কারাগারে এবং বিশ্বজিৎ দুই বছর জয়পুরহাট জেলা কারাগারে কারাভোগ করেন। কারাভোগের মেয়াদ শেষে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে কারাগার থেকে গতকাল তাঁদের মুক্তি দেওয়া হয়। সকালেই তাঁদের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে তাঁদের ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।