সাজা শেষে মুক্তি পেলেন জেএমবির আরশাদুল
সাজা শেষ হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক আরশাদুল আলম ওরফে টি আলম। বিস্ফোরক আইনের দুটি মামলায় সাজা শেষ হওয়ার পর গত সোমবার সকালে তিনি মুক্তি পান।
মুক্তির পর আরশাদুলকে কারা ফটক থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে জানান, সাজার মেয়াদ শেষ হওয়ায় আরশাদুলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
কারা সূত্র জানায়, নগরের পাহাড়তলী ও বাকলিয়া থানার দুটি মামলায় আরশাদুলকে পাঁচ বছর করে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০০৫ সালের অক্টোবরে আদালত এ রায় দেন।
পুলিশ সূত্র জানায়, জেএমবির নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে সখ্যের কারণে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অংশ হিসেবে চট্টগ্রামে বোমা হামলার দায়িত্ব পান আরশাদুল। পরে ওই বছরের ৩০ আগস্ট নগরের খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
আরশাদুলের বাড়ি কুমিল্লার হোমনার কলাগাছিয়া এলাকায়। নগরের খুলশী এলাকায় তাঁর একটি চায়ের দোকান ছিল।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আরশাদুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। তিনি কয়েক দিন পর পর থানায় হাজিরা দেবেন। কোথাও গেলে, বিশেষ করে চট্টগ্রামের বাইরে গেলে পুলিশকে জানাবেন।