সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালকদের সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা সংশোধিত আইনটি অবৈধ ও সংবিধানপরিপন্থী ঘোষণা করেছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর ফলে আগের বিধান অনুযায়ী সাত বছরের দণ্ড বহাল হচ্ছে বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন ওই সংশোধনী সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বর্তমান বাস্তবতায় এ সাজার মেয়াদ আরও বৃদ্ধি করা উচিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।
১৯৮৫ সালে দণ্ডবিধির ৩০৪ বি ও ফৌজদারি কার্যবিধির তফসিলে সংশ্লিষ্ট অংশে পরিবর্তন আনা হয়। ১৯৮৫ সালের ১০ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে আনা সংশোধনীতে গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে একটি রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।
প্রাথমিক শুনানি নিয়ে ২০১১ সালের ৪ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। সাজার মেয়াদ কমানোসংক্রান্ত ১৯৮৫ সালের সংশোধনী আইন কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এরপর রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।