সাজা ১৫ দিনের, কারাগারে আছেন ১৬০ দিন ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দন মণ্ডল ও উজ্জ্বল মণ্ডলের সাজা হয়েছিল ১৫ দিন করে, কারাগারে আছেন ১৬০ দিন। এই দুই সহোদরের বাড়ি ভারতের নদীয়া জেলায়। বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে বিজিবি তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

চন্দন মণ্ডল ও উজ্জ্বল মণ্ডলের মতো ঝিনাইদহ জেলা কারাগারে বর্তমানে ছয়জন ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁরা বিভিন্ন মেয়াদের সাজা শেষ করেও দেশে ফিরতে পারছেন না। তাঁরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে আসা-যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন।

তাঁরা হলেন, ভারতের নদীয়া জেলার হাসখালি থানার দুর্গাপুর গ্রামের মৃত অধিরাম মণ্ডলের ছেলে চন্দন মণ্ডল (২৭) ও উজ্জ্বল মণ্ডল (২৫), রানাঘাট থানার রাঘবপুর উত্তরপাড়া গ্রামের সুদান সরকারের স্ত্রী স্বপ্না সরকার (২৫), শান্তিপুর থানার বাগআচঁড়া গ্রামের স্বপন হালদার (৪৮) ও তাঁর স্ত্রী কাজলি হালদার (৪০) এবং একই গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী রেণুকা বিশ্বাস (৩২)। জেল সুপার মো. গোলাম হোসেন বলেন, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তাঁরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। আশা করছেন, অল্প দিনের মধ্যেই তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারবেন।

প্রশাসন ও জেলা কারাগার খোঁজ নিয়ে দেখা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি বেলা ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর এলাকায় বিজিবির ৫৮ ব্যাটালিয়নের একটি দল টহল দিচ্ছিল। দলটির সদস্যরা এ সময় ভারত থেকে কয়েকজনের বাংলাদেশে প্রবেশের খবর পান। তাদের তাড়া করে চন্দন, উজ্জ্বল, স্বপ্নাসহ চারজনকে আটক করেন বিজিবি সদস্যরা। ওই দিনই মামলা করে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পরদিন পুলিশ তাঁদের বিরুদ্ধে বর্ডার কন্ট্রোল এন্ট্রি অ্যাক্ট-এর ৪ ধারাসহ ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১ ধারার অভিযোগে অভিযোগপত্রসহ আদালতে প্রেরণ করে। আদালত তাঁদের ওই দিনই কারাগারে পাঠান। পরে ৬ ফেব্রুয়ারি চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। আদেশে আসামিদের হাজতবাস সাজা হিসেবে গণ্য করায় দণ্ডাদেশ দেওয়া তারিখের দুই দিন আগেই ৪ ফেব্রুয়ারি তাঁদের সাজা শেষ হয়। কিন্তু আজও তাঁরা নিজের দেশে ফেরার অপেক্ষায় কারাগারে অবস্থান করছেন। আইনি জটিলতায় তাঁদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি।

একই স্থান থেকে গত ৯ ফেব্রুয়ারি বেলা ১টার সময় বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা স্বপন হালদার, কাজলি হালদার ও রেণুকা বিশ্বাসকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। পরে ১৯ ফেব্রুয়ারি পুলিশ তাঁদের বিরুদ্ধে বর্ডার কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ৬ মার্চ তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। এই তিনজনের ক্ষেত্রেও হাজতবাস সাজা হিসেবে গণ্য হওয়ায় ৯ মার্চ তাঁদের সাজার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তাঁরা তিনজন আজও কারাগারে রয়েছেন।

জেল সুপার মো. গোলাম হোসেন বলেন, বিষয়টি নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। আইনি কিছু জটিলতার কারণে তাঁরা ছাড়া পাচ্ছেন না। তবে আশা করা যাচ্ছে, দ্রুতই তাঁরা ছাড়া পেয়ে দেশে ফিরতে পারবেন।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও যোগাযোগ করছেন। মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে। ভারতের বিএসএফকেও বিষয়টি অবহিত করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের নির্দেশ পেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হবে। আর এসব আইনি প্রক্রিয়া শেষ করতে একটু বিলম্ব হচ্ছে। তবে বিষয়টি নিয়ে তাঁরা তৎপর আছেন বলে জানান তিনি।