সাজানো হচ্ছে স্মৃতির মিনার

রং করা, ধোয়ামোছা, বাঁশের বেষ্টনী, লাইটিং, ক্যামেরা বসানো, দেয়াললিখন, আলপনার জায়গা নির্ধারণ, গাছের গোড়া রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে। শহীদ মিনারে গেলে এমন দৃশ্য চোখে পড়বে সবার।
আর মাত্র দুই দিন। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই পুরোদমে শুরু হবে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নানা আয়োজন। বাঙালির ভাষা আন্দোলন ও অমর একুশে এখন কেবলই নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। একাধারে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় দিবসটি পালনেও এসেছে ভিন্নতা। একুশের প্রথম প্রহর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর লাখো মানুষ ভিড় জমাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে। এ কারণেই এ এলাকা ঘিরে এখন কর্মব্যস্ততা। শহীদ মিনার এলাকার আশপাশের সৌন্দর্যবর্ধন, ভাষা আন্দোলনের আবহ তৈরি আর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সেখানে চলছে এমন কর্মযজ্ঞ।
একুশে ফেব্রুয়ারি সামনে রেখে অনেকেই আসছেন শহীদ মিনারে। বাবা-মায়ের সঙ্গে আসছে শিশুরাও। বিশেষ করে বইমেলার দর্শনার্থীরা ছেলেমেয়েদের নিয়ে শহীদ মিনারে আসছেন। এমনই একজন সালেহ আহমেদ গতকাল শুক্রবার পরিবার নিয়ে হাজির হন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এখানে আরও অনেক কিছুই করার আছে। ঢাকা মহানগর পুলিশ শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার জন্য একটি পথনির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে উদ্যাপন সমন্বয় কমিটি। গতকাল সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে সলিমুল্লাহ হল এবং জগন্নাথ হলের সামনের সড়ক ব্যবহার করতে হবে। তা ছাড়া নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় দিয়ে বাঁ দিকের রাস্তা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। দোয়েল চত্বর ও শহীদ মিনারের পেছনের রাস্তা দিয়ে আসা যাবে না, কেবল বের হওয়া যাবে।