সাজানো 'গুম', পরে সন্ধান লাভ
পাওনা ১৫ টাকা চাওয়ায় দুই ব্যক্তির মধ্যে মারামারি হয়। এর জের ধরে এক ব্যক্তিকে প্রতিপক্ষ ‘গুম’ করে ফেলেছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে৷ ঘটনার ১০ দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত পক্ষের লোকজন ‘গুম’ হওয়া সেই ব্যক্তিকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের আঞ্জুরিকোনা গ্রামের বাসিন্দা মনসুর আহমদ (২৫) কিছুদিন আগে প্রতিবেশী মুদি দোকানদার ইয়াকুব আলীর দোকান থেকে বাকিতে ১৫ টাকার পণ্য নেন৷ ইয়াকুব পাওনা টাকা চাওয়ায় গত ১৩ জুন তাঁদের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে মারামারি হয়। পরদিন স্বজনেরা জুড়ী থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন, মনসুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে ‘গুম’ করে ফেলা হয়েছে। এ ঘটনায় ইয়াকুবকে দায়ী করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মনসুরকে থানায় নিয়ে আসা হয়।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস গতকাল বুধবার জানান, প্রতিপক্ষকে ঘায়েল করতেই ‘গুমের’ ঘটনাটি সাজানো হয়। মারামারির পর মনসুর প্রথমে নরসিংদী ও পরে সুনামগঞ্জের দিরাইয়ে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন। মনসুরের এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে খবরটি ফাঁস হয়ে যায়৷ ইয়াকুবসহ তাঁর কয়েকজন স্বজন মঙ্গলবার সকালে দিরাইয়ে ওই আত্মীয়ের বাড়িতে গিয়ে মনসুরের দেখা পান। পরে ইয়াকুব পুলিশের সঙ্গে মনসুরকে মুঠোফোনে কথা বলিয়ে দেন। এ সময় মনসুরকে সরাসরি থানায় নিয়ে আসতে বলা হয়। মনসুরের স্বজনেরা ঘটনাটি সাজানোর কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মনসুর ও তাঁর বাবা আবদুল করিম এ ব্যাপারে গণমাধ্যমকে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।