সাজানো জবানবন্দি, ভণ্ড পীরকে বাঁচাতে নানামুখী চেষ্টা
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ভণ্ড পীর আমজাদ হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের সব দোষ অস্বীকার করেছেন। নিজেকে আড়াল করতে বলেছেন, তিনি এসবের কিছুই করেননি।আর গ্রেপ্তারের পর থানায় পুলিশ ও সাংবাদিকদের সামনে আমজাদ দোষ স্বীকার করে বলেছিলেন, ‘আমার ভুল হয়েছে। অভাবের কারণে গ্রামের কিছু লোকের প্ররোচনায় এই পেশায় নেমেছি। আমার এই কর্মের কারণে সাজা হওয়া উচিত, যাতে আর কেউ এ কাজ না করে।’ চিকিৎসার নামে শিশুদের ঝুলিয়ে নির্যাতন করার কথাও স্বীকার করেন তিনি। তাঁর এই বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হয়। সূত্র জানায়, আমজাদকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে পুলিশ এখন আর ততটা আন্তরিক নয়। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে তিনটি মামলা করা হলেও একটি মামলায় তাঁকে দুদিন জিজ্ঞাসাবাদের পর তড়িঘড়ি কারাগারে পাঠানো হয়। গতকালও তাঁকে আদালতে হাজির করানো হয়। পুলিশ রিমান্ডের আবেদন করেনি। মুন্সিগঞ্জের একাধিক সূত্র জানায়, আমজাদকে গ্রেপ্তারের পর তাঁকে বাঁচাতে একটি মহল উঠে-পড়ে লেগেছে। এ নিয়ে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। তাঁকে দিয়ে শেখানো জবানবন্দি রেকর্ড করানোরও অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমজাদের বিরুদ্ধে আরও মামলা আছে। দরকার হলে আবারও তাঁকে রিমান্ডে আনা হবে।’‘ভণ্ড পীর, ভয়ংকর চিকিৎসা’ শিরোনামে গত ১২ এপ্রিল প্রথম আলোতে খবর প্রকাশের পর সকালেই প্রশাসন তৎপর হয়ে ওঠে। সিরাজদিখান থানার পুলিশ আমজাদের বাড়ির আস্তানায় হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একই সময় র্যাবের একটি দলও সেখানে হাজির হয়ে পীরের সহযোগী ইলিয়াস, আবুল ও নুরু মেম্বারকে গ্রেপ্তার করে।আমজাদকে গ্রেপ্তারের পর তাঁর নির্যাতনের শিকার দুই শিশুর মা পুষ্পরানী বাদী হয়ে একটি, বেত্রাঘাতের শিকার জরিনা বেগমের ছেলে এনামুল হক বাদী হয়ে একটি ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন। পুলিশই এসব মামলা দায়ের করতে নির্যাতিত ব্যক্তিদের সহায়তা করেন।তিনটি মামলায় আমজাদসহ ১৪ জনকে আসামি করা হয়। মজার ব্যাপার হলো, তিনটি মামলাতেই আমজাদের বিরুদ্ধে একই ধারায় অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে আছে মারধর, হত্যাচেষ্টা ও অন্যের রূপ ধারণ করে প্রতারণা করা। মামলা করার পর পুলিশের তৎপরতা থেমে যায়। মামলার ১০ আসামি ধরা পড়েনি।স্থানীয় আইনজীবীরা জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ ইচ্ছে করলেই নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করতে পারত। কিন্তু সেটা না করে তারা আমজাদকে রক্ষা করেছে। জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন আইন প্রয়োগের সুযোগ নেই। সে কারণে এসব ধারায় অভিযোগ আনা হয়েছে। একাধিক সূত্র জানায়, আমজাদকে গ্রেপ্তারের পরপরই তাঁর পক্ষে নানামুখী তৎপরতা শুরু হয়ে যায়। এ কারণে মামলাও সেভাবেই সাজানো হয়। আমজাদের বিরুদ্ধে করা তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে আমজাদ এসব ঘটনার যে বিবরণ দেন, তা পত্রিকার প্রতিবেদনের সঙ্গে মিল ছিল। কিন্তু পরে তিনি সব অস্বীকার করেন। একপর্যায়ে তিনি (আমজাদ) প্রথম আলোতে প্রকাশিত ছবিটিও সাজানো বলে দাবি করেন। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি ওই দাবি করেন।সূত্র জানায়, লাঠিপেটার শিকার এক নারীর ছেলের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ‘চিকিৎসার নামে আমজাদ মাকে বেদম প্রহার করেন, এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।’ আমজাদকে গ্রেপ্তারের পর ওসির তত্ত্বাবধানেই এ মামলাটি হয়েছিল। সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দাউদ উল ইসলাম বলেন, ‘প্রথম আলোতে খবর প্রকাশের পর আমরা সেখানে গিয়ে পীরের আস্তানায় নির্যাতনের শিকার লোকজনকে পেয়েছিলাম। আমাদের দলের চিকিৎসক একটি শিশুকে পরীক্ষাও করে দেখেছেন। ওই শিশুকে চিকিৎসার নামে ঝুলানো হয়েছিল।’প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পর ওই এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাস আগে ভণ্ড পীরের চিকিৎসা শুরু হয় স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে। এই নুরু মেম্বারের মা গোলেনুর বেগম প্যারালাইজড রোগী। তাঁর রোগ ভালো হয়েছে—এটা গ্রামের মানুষের কাছে প্রচার করা হয়। এরপর তিনি আমজাদকে প্ররোচিত করেন চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। পরে নুরু মেম্বার ১৪ সদস্যের কমিটি গঠন করেন। প্রথমদিকে রোগী কম ছিল। প্রচারের পর রোগী বৃদ্ধি পেয়ে প্রতিদিন তিন থেকে চার শ হয়। ১৪ সদস্যের কমিটির মধ্যে তিন সদস্যের একটি মূল কমিটি ছিল। টাকা-পয়সা আদায়ের কাজটি তারা করত। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে জানান, কমিটির সদস্যরা রোগীদের কাছ থেকে টাকা তুলতেন। টাকা আমজাদসহ সবাই ভাগাভাগি করে নিতেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ এক-দেড় হাজার টাকা নিতেন তাঁরা। প্রতিদিন গড়ে ৩০ হাজার করে এবং বৃহস্পতিবার ৭০ থেকে এক লাখ টাকা আয় হতো। এসব অর্থ এখন আমজাদকে বাঁচাতে খরচ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।