সাজানো পরিকল্পনা অনুযায়ী ভোটের ফল ঘোষণা হয়েছে: সাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন, সরকারদলীয় মাস্তান ও পুলিশের আঁতাতে প্রহসনের নির্বাচন মঞ্চায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি। তিনি অভিযোগ করেছেন, নাগরিকদের ভোট দিতে দেওয়া হয়নি। যাঁরা দিয়েছেন, তাঁদেরটাও ঠিকভাবে গণনা করা হয়নি। সরকারের সাজানো পরিকল্পনা অনুযায়ী ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচনের কারণে দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা আরও বাড়বে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আবদুস সালাম, দলটির সমন্বয় কমিটি সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আক্তার, আবুল হাসান রুবেল প্রমুখ।