সাজানো প্রশাসনেই একতরফা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার সাজানো প্রশাসন দিয়েই একতরফা নির্বাচন করতে যাচ্ছে। গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রশাসনে ব্যাপক রদবদল হলেও এবার জনপ্রশাসন যেভাবে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক সেভাবেই আছে। ফলে সরকার যেকোনো সিদ্ধান্ত সহজে বাস্তবায়নের সুযোগ নিতে পারবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনার জেলা প্রশাসককে প্রত্যাহার করে যে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সরকারের আরও বেশি আস্থাভাজন হিসেবে প্রশাসনে পরিচিত।
জনপ্রশাসনের সূত্রগুলো জানায়, গত কয়েকটি নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করে সুষ্ঠু নির্বাচনের উপযোগী করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হয়েছে। কিন্তু এবার এর কোনো কিছুই হচ্ছে না।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন চাইলে রদবদল করা হবে। ইতিমধ্যে তাদের নির্দেশে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্যদের প্রয়োজন মনে করা হয়নি। তাই রদবদল করা হয়নি।
সূত্রগুলো জানায়, নির্বাচন সামনে রেখে এবার বেশ আগে থেকেই প্রশাসন সাজানোর কাজ শুরু হয়। এই কাজে অগ্রণী ভূমিকা রাখেন সরকারের আস্থাভাজন কয়েকজন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা। তাঁদের পরিকল্পনা অনুযায়ী মাঠ প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও আস্থাভাজন কর্মকর্তাদের পদায়ন করা হয়।
জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘যেখানে প্রধান বিরোধী দল নির্বাচনে নেই, সেখানে রদবদল হলেই বা কী, না হলেই বা কী। যদি প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিত, তাহলে এই প্রশ্নটি বড় করে সামনে আসত। তার পরও বলব, প্রশাসনকে কোনোভাবেই দলীয়ভাবে কারও পক্ষে ব্যবহার করা উচিত না।’
জনপ্রশাসন সূত্রে জানা গেছে, ৬৪ জেলার বিদ্যমান ডিসিরাই বর্তমান সরকারের আমলের শেষ দিকে নিয়োগ পাওয়া। এর মধ্যে গত ৮ অক্টোবর নয়জন, ১১ নভেম্বর পাঁচজন ও ৩ ডিসেম্বর একজনকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ১৮ জুলাই নয়জন, ২৭ মে একজন ও ২২ এপ্রিল চারজনকে নিয়োগ দেওয়া হয়। অন্যরাও নিয়োগ পান এই বছর ও গত বছর।
১২ জন ডিসি আছেন যাঁরা মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (পিএস) ছিলেন। কয়েকজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁদের মধ্যে সদ্যবিদায়ী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস এ কে এম মিজানুর রহমান লক্ষ্মীপুরে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের পিএস আবদুল মান্নান চট্টগ্রামে, এই উপদেষ্টার আরেক পিএস হুমায়ুন কবীর খন্দকার ফেনীতে, মৎ স্য ও প্রাণিসম্পদমন্ত্রীর পিএস ওবায়েদুল আজম নরসিংদীতে, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পিএস নুরুল ইসলাম গাজীপুরে, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পিএস হাসানুজ্জামান রাজবাড়ীতে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিএস শামীম আল রাজী দিনাজপুরে, সদ্যসাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের পিএস মনিন্দ্র কিশোর মজুমদার হবিগঞ্জে,সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিঞার পিএস কামরুল হাসান মৌলভীবাজারে, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের পিএস সেলিম রেজা ভোলায় কর্মরত আছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাবেক পিএস মেজবাহ উদ্দিনকে খুলনার ডিসি করা হলেও নির্বাচন কমিশনের নির্দেশে ৩ ডিসেম্বর তাঁকে বদলি করে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। তাঁর স্থলে আনিস মাহমুদকে ডিসি করা হয়। তিনি এর আগে নেত্রকোনার ডিসি ছিলেন। কয়েকজন যুগ্ম সচিব হয়েও উপসচিব মর্যাদার ডিসির দায়িত্ব পালন করছেন। অন্য ডিসিরাও বর্তমান সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
একই দিনে ঢাকার বিভাগীয় কমিশনার এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরীকে প্রত্যাহার করে অতিরিক্ত স্বাস্থ্যসচিব জিল্লার রহমানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমান সরকারের অত্যন্ত আস্থাভাজন এই কর্মকর্তা গত নির্বাচনের সময় ঢাকার জেলা প্রশাসক ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরও দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়েও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে তেমন পরিবর্তন নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদেও অনেক আস্থাভাজন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভাগীয় কমিশনাররাও বর্তমান সরকারের আস্থাভাজন। বিভাগীয় কমিশনাররাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করে থাকেন। ডিসিরাও বিভাগীয় কমিশনারদের অধীনে কাজ করেন।