সাজানো মাঠেই 'সুষ্ঠু' নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ৭৩টি ইউনিয়নে দু-একটি ব্যতিক্রম ছাড়া ভোট ‘সুষ্ঠু’ হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের ভাষ্য, আগেই তৈরি করা নির্বাচনী মাঠে ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট শেষ হয়েছে।
ভোটের আগেই ৩২ জন চেয়ারম্যান, ৩৫ সদস্য ও ৬ জন নারী সদস্য জিতে যাওয়া, বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, প্রত্যাহারে বাধ্য করার বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে ছিল।
গতকাল ভোটের দিন সারা জেলার নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছিলেন ইউপি সদস্য প্রার্থীরা। সরকারি দলের চেয়ারম্যান প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের মাঠে তেমন দেখা যায়নি। এমনকি বেশির ভাগ কেন্দ্রে বিএনপি বা অন্য কোনো দলের চেয়ারম্যান প্রার্থীরা কোনো এজেন্টই দেননি।
জেলা বিএনপির সভাপতি এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘বাহ্যিকভাবে দেখলে হয়তো মনে হতে পারে, নির্বাচনে কোনো মারামারি বা সহিংসতা হয়নি। কিন্তু নির্বাচনের আগে থেকেই সরকারি দলের লোকজন আমাদের প্রার্থীদের প্রতি যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে, মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে, প্রত্যাহারে বাধ্য করেছে সেটা নজিরবিহীন। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন আমাদের অনেক এজেন্টকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। অনেককে বের করে দিয়েছে।’
গতকাল প্রথম আলোর পক্ষ থেকে জেলা সদর, মোরেলগঞ্জ, কচুয়া, চিতলমারী ও মংলার ১৬টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্র ঘুরে দেখা হয়। বেশির ভাগ কেন্দ্রেই সকাল থেকে নারী-পুরুষনির্বিশেষে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। বেলা ১১টার দিকে চিংড়াখালি ইউনিয়নের চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোট বন্ধ থাকে আধঘণ্টা। এক পক্ষ কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আরেক পক্ষ বাধা দেয়। পুলিশ তিনটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বি কে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপাল বিশ্বাস নামের এক ভোটার বলেন, ভোটের মাঠে আসল লড়াই করছেন সদস্য প্রার্থীরা। তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে নিয়ে আসছেন। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী থাকলেও কেন্দ্রে তাঁদের কোনো এজেন্টই ছিল না। ফলে সরকারি দলের কর্মীরা অনেকটা নিশ্চিন্তে নিজেদের সমর্থকদের ভোটকেন্দ্রে এনেছেন।
কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নে আলোচিত বিষয় ছিল মা-ছেলের লড়াই। সেখানে মা লড়েছেন নৌকা প্রতীক নিয়ে, আর ছেলে আনারস। বিএনপির কোনো প্রার্থী ছিলেন না ওই ইউনিয়নে। সেখানেও সদস্য প্রার্থীদের সক্রিয়তায় ভোটের আমেজ তৈরি হয়েছিল।
মংলার মিঠাখালী, চাঁদপাই ও চিলা ইউনিয়নের ২৭টি কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। নারী ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এসব কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। মিঠাখালী গ্রামের নাসিমা, শেলী, ফিরোজা ও চাঁদপাই গ্রামের আবদুল্লাহ, গোলাম মহম্মদ, নাসির এবং চিলা গ্রামের ইকবাল, সুমনসহ আরও ১৫ জন ভোটার বলেন, ইউপি সদস্যপদে ভোট হচ্ছে ভোটের মতন।