সাজানো মামলা, বাদীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বাদীর তিন দিনের কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিচারিক হাকিম মো. ফারুক ইকবাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।সাজা পাওয়া ওই ব্যক্তির নাম মমতাজ বেগম (৪৫)। তিনি মির্জাগঞ্জের কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।মমতাজ বেগমের দায়ের করা মামলা থেকে জানা গেছে, ঈদের কেনাকাটা করতে গত ৩ আগস্ট সন্ধ্যায় স্বামী বজলুর রহমান খানকে নিয়ে তিনি উপজেলার সুবিদখালী বন্দরে যাচ্ছিলেন। পথে উত্তর সুবিদখালী গ্রামের সড়কে তাঁদের মারধর করে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে উত্তর সুবিদখালী গ্রামের আতাউর রহমান গাজীসহ ছয়জনকে আসামি করে মির্জাগঞ্জ উপজেলা বিচারিক হাকিম আদালতে মামলা করেন।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচারক বাদীর ২০০ ধারায় জবানবন্দি গ্রহণকালে মামলাটি মিথ্যা বলে সন্দেহ হয়। পরে বিচারক বাদীর স্বামীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু বাদী ও তাঁর স্বামী গতকাল নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। এতে মামলাটি মিথ্যা ও সাজানো বলে প্রতীয়মান হয়। পরে বিচারক এ আদেশ দেন।