সাজানো মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির জামিনে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শুক্রবার সকালে শিশু অপহরণের সাজানো মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তিন নারী মুক্তি পেয়েছেন। এঁরা হলেন মানিকগঞ্জের কোশাভাঙ্গা গ্রামের সোনা বানু (৫০), তাঁর মেয়ে মনরা আক্তার (২২) ও খালা শুক্কুরী বেগম (৩৪)। হাইকোর্ট থেকে ১৮ আগস্ট তাঁরা জামিন পান।কারাগারের উপকারারক্ষক আসমা আক্তার জানান, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল সকালে ওই তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর মনরা প্রথম আলোকে বলেন, ‘সাজানো একটি মামলায় পুলিশ কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে মা, খালা ও আমাকে ১৪ মাস কারাগারে থাকতে হলো।’ তিনি মামলার বাদী ও বাদীকে সহায়তাকারীদের বিচার দাবি করেন।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আইনজীবী সালমা সুলতানা জানান, মানিকগঞ্জের দুনিগ্রামের রজ্জব আলী পূর্বশত্রুতার জের ধরে সাজানো শিশু অপহরণের ঘটনায় ২০০৩ সালে ঢাকার প্রথম শ্রেণীর হাকিম আদালতে একটি মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। মামলাটি পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ) ট্রাইব্যুনাল-৩-এ স্থানান্তর করা হয়। ওই আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার ২০০৯ সালের ৯ জুলাই তিন আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের দিন আদালতে উপস্থিত থাকায় ওই দিনই শুক্কুরী বেগম, সোনা বানু ও মনরাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মনরার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঠাঁই হয় তাঁর চার মাসের শিশুপুত্র আতিকেরও। মামলার অন্য আসামি শুক্কুরী বেগমের স্বামী আবদুর রশিদ (যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত) পলাতক।সংস্থার সহকারী সমন্বয়কারী এ কে এম ওয়ালিউল ইসলাম বলেন, ‘প্রথম আলো ও বিভিন্ন টেলিভিশনে সংবাদ দেখে আমরা এই তিন নারীর সহায়তায় এগিয়ে আসি। আপাতত জামিন হলো, আশা করছি তাঁরা এই মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতিও পাবেন।’আদালত সূত্রে জানা গেছে, রজব আলীর করা সাজানো মামলায় উল্লেখ করা হয়, ২০০৩ সালের ১০ জুলাই আসামিরা তাঁর মেয়ে সাজেদা আক্তারকে অপহরণ করেন। সাজেদা ধামরাইয়ের প্রত্যাশা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন এক প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী রজব আলীর সাজেদা নামের কোনো মেয়ে ছিল না। প্রত্যাশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামও জানান, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ওই বিদ্যালয়ে সাজেদা আক্তার নামে কোনো ছাত্রী ছিল না। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ১ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্র ধরে এগিয়ে আসে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সংস্থার পক্ষ থেকে আসামিদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই গতকাল ওই তিন নারী জামিনে মুক্তি পান।