সাজানো মামলায় দেড় বছর কারাগারে ভারতীয় নাগরিক
একটি সাজানো মামলায় দেড় বছর ধরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী ভারতীয় নাগরিক ইয়ারুল মণ্ডল (৩০)। গত ১৩ এপ্রিল আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দিলেও এখন পর্যন্ত তিনি কারাগার থেকে মুক্তি পাননি। আদালত সূত্রে জানা গেছে, পশ্চিমবাংলার নদীয়া জেলার ধানতলা থানার কানিবামনি গ্রামের আজিজুল হকের ছেলে ইয়ারুল ২০০৯ সালের ১৬ ডিসেম্বর বৈধ পাসপোর্টে দর্শনা চেকপোস্ট হয়ে বাংলাদেশে আসেন। এরপর তিনি বড় ভাই ইকরামুলের শ্বশুরবাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে অবস্থানরত ভাবী শাবানা খাতুন ও চার বছর বয়সী ভাতিজা ইনজামুল হককে দেখতে যান। তাঁর বাংলাদেশে আসার সাড়ে তিন মাস আগে শাবানা স্বামীর সঙ্গে রাগারাগি করে ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি চলে যান। ২০০৩ সালে ইকরামুলের সঙ্গে শাবানার বিয়ে হয়।ইয়ারুল ভাইয়ের শাশুড়ি সুফিয়া বেগমের সঙ্গে ২৩ ডিসেম্বর ভাবীর বোনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলাপাড়া গ্রামে বেড়াতে যান। এ সময় তাঁদের সঙ্গে ইনজামুলও যায়। ২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে ইয়ারুল নিজ দেশে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে অবস্থান করছিলেন। এ সময় সুফিয়া বেগম নিজ এলাকার মেম্বার আবদুল মালেককে সঙ্গে নিয়ে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশকে জানান, তাঁর নাতিকে ইয়ারুল ভারতে পাচার করেছেন। এ খবরের ভিত্তিতে পুলিশ ইয়ারুলকে আটক করে জীবননগর থানায় সোপর্দ করে। ওই দিনই সুফিয়া বেগম বাদী হয়ে ইয়ারুলকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই দিন পর শাবানা খাতুন বোনের বাড়ি থেকেই তাঁর ছেলে ইনজামুল হককে ফেরত পান। কিন্তু দেবরের মুক্তির কোনো উদ্যোগ নেননি। সম্প্রতি ইয়ারুলের মামলার খোঁজ নিতে ইয়ারুলের ভাই ইকরামুল হক বাংলাদেশে আসেন। তিনি ওই সময় জানান, তাঁর শাশুড়ি, স্ত্রী ও শ্বশুরের পক্ষের লোকজন ইনজামুল হককে লুকিয়ে রেখে থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী গত বছরের ৩১ জানুয়ারি ইয়ারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কেরামত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে। গত ১৩ এপ্রিল ইয়ারুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম মমতাজ পারভীন তাঁকে খালাস দেন। একই আদেশে জব্দ করা তার পাসপোর্ট ফেরত দেওয়ার জন্যও বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তিনি মুক্তি পাননি।চুয়াডাঙ্গা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গোলাম হোসেন বলেন, ‘ইয়ারুল ভারতীয় নাগরিক হওয়ায় তাঁকে কারাগার থেকে মুক্তি ও নিজ দেশে ফেরত পাঠাতে হলে কিছু আনুষ্ঠানিকতা দরকার। এ অবস্থায় করণীয় জানতে মহা-কারাপরিদর্শক বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। মহা-কারাপরিদর্শকের কার্যালয়ের পরবর্তী নির্দেশনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’