সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নিয়ে আইনজীবী-পুলিশ সংঘর্ষ
শরীয়তপুরে আইনজীবী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটেছে। আইনজীবীরা সাংবাদিকদের ওপর হামলা করে চারটি ক্যামেরা ভাঙচুর করেছেন।
থানা-পুলিশ, আইনজীবী ও সাংবাদিক সূত্র জানায়, জাজিরা থানার একটি সহিংসতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহেন শাহ ঢালী একটি চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে শরীয়তপুরে এক আইনজীবীর কার্যালয়ে আসেন। গোয়েন্দা পুলিশ খবর পেয়ে জজকোর্ট সড়ক থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে। তখন তাঁর আইনজীবী মাসুদুর রহমান পুলিশকে বাধা দেন। পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশের সহকারী উপপরিদর্শক সিদ্দিকুর রহমান, কনস্টেবল মো. সোহেল মিয়া, রাশেল মিয়া, মোহাম্মদ হাসান, আইনজীবী নজরুল ইসলাম, বজলুর রহমান, জামাল ভূঁইয়া, পারভেজ রহমান, পলাশ হোসেন ও মুরাদ মুন্সি আহত হন। সংঘর্ষের ঘটনার ভিডিওচিত্র ধারণ করায় আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। হামলায় দেশ টিভির বিএম ইস্রাফিল, ইনডিপেনডেন্ট টিভির নুরুল আমিন, একাত্তর টিভির আনোয়ার হোসেন ও আজকের নতুন খবরের রাজিব হোসেন ও স্থানীয় হুংকার পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান খোকন আহত হন। এ সময় তাঁরা চারটি ক্যামেরা ভাঙচুর করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকেরা সার্কিট হাউস থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আইনজীবীরা মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশ আইনজীবীর কার্যালয় থেকে আসামি গ্রেপ্তার করতে পারে না। এ বিষয়টিই পুলিশকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু তারা আইনজীবীদের ওপর হামলা চালায়। আমরা আইনগত পদক্ষেপ নিয়ে এ হামলার ঘটনার বিচার চাইব।’
শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিগৃহীত হওয়ার ঘটনা বেদনাদায়ক। আমরা আইনগত পদক্ষেপ নেব।’