সাজাপ্রাপ্ত আসামির পলায়ন, কারারক্ষী সাময়িক বরখাস্ত
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত এক নারী সিরাজগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, পলাতক ওই নারীর নাম কুলসুম খাতুন (৪৫)। তিনি তাড়াশ উপজেলা সদরের এক ব্যক্তির বাড়ি থেকে গত সোমবার সন্ধ্যায় স্বর্ণালংকার চুরির চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়। কুলসুম একই উপজেলার সয়দাবাদ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
জানতে চাইলে তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল সকালে ইউএনওর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কুলসুমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পৌঁছে দেয় পুলিশ। কিন্তু সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুন বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলা করায় সে সময় প্রধান ফটকে কর্তব্যরত কারারক্ষী শামীম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক কুলসুমকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।