সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১০
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিন গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের গাঁজা ব্যবসায়ী সিরাজ দর্জি (৫০), নাছির উদ্দিন (৩২) ও মোকছেদ আলম (৪০)। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন: তিন বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রয়েল এলাকার সিরাজ উদ্দিন (৪৮), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বুলবুল খাঁ, আজু খাঁ, শরীফ খাঁ, পাভেল খাঁ, রুবেল খাঁ ও ভুলু খাঁ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমানের নেতৃত্বে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাতেই কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবা শারমীন গাঁজা ব্যবসায়ী সিরাজ দর্জিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, নাছির উদ্দিন ও মোকছেদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।