সাজাপ্রাপ্ত চরমপন্থী, দেশে গ্রেপ্তারি পরোয়ানা গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরেছেন রাজশাহীর বাগমারা উপজেলার চরমপন্থী ক্যাডার আসাদুল ইসলাম (৩২)। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরু হামিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।
আদালতের খাতায় সাজাপ্রাপ্ত হলেও বাগমারা থানার পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। রাজশাহীর দ্রুত বিচার আদালতের সাবেক বিশেষ পিপি শেখ জাহাঙ্গীর আলম বলেন, কোনো আসামির অনুপস্থিতিতে সাজা হলে বিচারক সঙ্গে সঙ্গে ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে সংশ্লিষ্ট থানায় পাঠান। মরু হামিদ হত্যা মামলার বাদীর অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে সাজাপ্রাপ্ত এই চরমপন্থী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এতে তাঁরা আতঙ্কিত।
আদালতের নথি সূত্রে জানা গেছে, মরু হামিদকে ২০০৩ সালের ৯ নভেম্বর চরমপন্থীরা রাজশাহী শহরে গলা কেটে ও গুলি করে হত্যা করে। এরপর মরু হামিদের শ্যালক ওয়াসেক হোসেন নগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়ার চরমপন্থী ক্যাডার আসাদুল ইসলাম। ওই মামলায় গ্রেপ্তার হন তিনি। ২০০৪ সালে তিনি জামিনে বেরিয়ে এসে মালয়েশিয়ায় পালিয়ে যান। ২০০৬ সালের ১৮ অক্টোবর রাজশাহী দ্রুত বিচার আদালত ওই মামলায় তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর মধ্যে পলাতক আসাদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নয় বছর পলাতক থাকার পর চলতি বছরের মার্চে আসাদুল ইসলাম দেশে ফেরেন। কিন্তু বাগমারা থানা থেকে তাঁর নামে আসা গ্রেপ্তারি পরোয়ানা গায়েব হয়ে যায়।
গত এপ্রিলে বাগমারা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আসাদুল ইসলামের বিষয়ে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছিলেন, আসাদুলের বিরুদ্ধে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বিশেষ পিপি এন্তাজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুলের বিরুদ্ধে পুনরায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে বাগমারা থানার ওসি এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান। তবে বাগমারা থানার বর্তমান ওসি আবু ওবাইদা খান প্রথম আলোকে বলেন, আসাদুলের বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা তিনি জানেন না। পরোয়ানা থাকলে অবশ্যই তাঁকে গ্রেপ্তার করা হবে।
জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, আসাদুল ইসলাম তালিকাভুক্ত চরমপন্থী। তাঁদের খাতায় আসাদুল পলাতক রয়েছেন। তাঁর দেশে ফেরার বিষয়টি তাঁরা জানেন না।
ঝিকরা ইউপির চেয়ারম্যান সাইদুজ্জামান ও আসাদুল একই গ্রামের বাসিন্দা। সাইদুজ্জামান জানান, দেশে ফেরার পর সাইদুল এখন এলাকায় অবস্থান করছেন। এ কারণে এলাকাবাসী আতঙ্কিত।
মরু হামিদের মেয়ে সামসাদ বেগম অভিযোগ করেন, আসাদুল প্রশাসনকে ম্যানেজ করে গ্রেপ্তারি পরোয়ানা গায়েব করে এলাকায় অবস্থান করছেন।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির গত ২১ আগস্ট প্রথম আলোকে জানান, আসাদুলকে গ্রেপ্তারের জন্য বাগমারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।