বিডিআরে বিদ্রোহের মামলায় সাজার বৈধতা চ্যালেঞ্জ করে দণ্ডিত এক জওয়ানের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে আবেদনকারীর আইনজীবী এস এম জাকির হোসেন জানিয়েছেন।আদেশে বলা হয়, সংবিধানের ৪৫ ও ১০২(৫) অনুচ্ছেদ অনুযায়ী শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে মৌলিক অধিকার প্রযোজ্য নয়। শুধু বাংলাদেশেই নয়, প্রায় সব সভ্য দেশে বিধান রয়েছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ ধরনের বিধান করা হয়েছে। আদেশে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিচারক হিসেবে রায়ে স্বাক্ষর করেছেন, আবেদনকারী সেটি প্রমাণে ব্যর্থ হয়েছেন। আদালতকে সহায়তা করার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) উপস্থিত ছিলেন।বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচারের জন্য গঠিত চট্টগ্রামের বিশেষ আদালত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নায়েক মো. ইব্রাহিমকে ছয় বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম গত ২২ মে হাইকোর্টে রিট আবেদন করেন।