সাজাপ্রাপ্ত তিন জঙ্গি ১১ বছরেও গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গিকে ১১ বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময় চট্টগ্রামের ১৯টি স্থানে বোমা হামলা চালায় জেএমবি। এতে ১০ জন আহত হন। এ ঘটনায় নগরের আটটি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আটটি মামলা করে পুলিশ। ২০০৯ সালে মামলাগুলোর রায় দেন আদালত।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্টের বোমা হামলায় নগরের কোতোয়ালি থানার কাজির দেউড়ি এলাকায় আবদুল হাই নামের একজন হকার আহত হন। এ ঘটনায় করা মামলায় ২০০৯ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল জেএমবির চট্টগ্রামের তৎকালীন সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও আলাউদ্দিন ওরফে রুবেলকে ১০ বছর করে কারাদণ্ড দেন। আলাউদ্দিন ঘটনার পর থেকে পলাতক। এ ছাড়া বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও ডবলমুরিং থানার মামলায় জাবেদ ইকবাল, জাহিদ ওরফে সুমন, দেলোয়ার হোসেন, আরশাদ আলম, জুলফিকার আলীকে ৫ থেকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বন্দর থানার মামলায় জাবেদসহ পাঁচ আসামি বেকসুর খালাস পান।
পুলিশ জানায়, সিরিজ বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গিদের মধ্যে কারাগারে আছেন জাবেদ ও জুলফিকার আলী। সিরিজ বোমা হামলার ঘটনায় করা আটটি মামলার মধ্যে সাতটিতে জাবেদকে সাজা দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আলাউদ্দিন ওরফে রুবেল, দেলোয়ার হোসেন ও জাহিদ ওরফে সুমন পলাতক। আলাউদ্দিন কোতোয়ালি থানার মামলায় এবং দেলোয়ার ও জাহিদ বাকলিয়া থানার মামলায় ১০ বছর করে সাজাপ্রাপ্ত। সাজা শেষ হওয়ায় ২০১৪ সালের ১৫ এপ্রিল মুক্তি পান আরশাদ আলম।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন জানান, চট্টগ্রামের ১৫টি ও কক্সবাজারের দুটি মামলায় জাবেদ ২০৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, সিরিজ বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। আর সাজা শেষে মুক্তি পাওয়া জঙ্গিদের ওপরও পুলিশের নজরদারি আছে।