সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু
বিডিআরে বিদ্রোহ মামলার সাজা পাওয়া আসামি আবদুল কাইয়ুম (৬০) গত মঙ্গলবার মারা গেছেন। তিনি বিডিআরে সুবেদার মেজর ছিলেন। এ ছাড়া একটি হত্যা মামলার সাজা পাওয়া আসামি বাবুল মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবদুল কাইয়ুম মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত পৌনে একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী বলেন, বিডিআরে বিদ্রোহ মামলায় কাইয়ুমের সাত বছরের সাজা হয়েছিল। ঘুমের মধ্যে তিনি স্ট্রোক করেছিলেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে কাইয়ুমের ভাতিজা ফয়সাল হোসেন বলেন, ২০০৯ সালে বিডিআরে বিদ্রোহের সময় তাঁর চাচা পিলখানা সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি দুই মেয়ের বাবা। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আবদুল্লাহপুরে।
ডেমরা থানার একটি হত্যা মামলার সাজা পাওয়া আসামি আসাদুল্লাহ (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মারা যান। তাঁর কয়েদী নম্বর ৮৩৫৫/এ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসাদুল্লাহ গত ২৭ জুলাই অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
হাজতির মৃত্যু: ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি বাবুল হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর হাজতি নম্বর ২৩৭৮৯/১৫।
কারাগার সূত্র জানায়, গত ৫ আগস্ট পল্টন থানার পুলিশ নাট্যমঞ্চ এলাকা থেকে গাজাসহ বাবুল হোসেনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গত শনিবার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিগাঁওয়ে।
হাসপাতালে বাবুলের স্ত্রী কলি আক্তার বলেন, তাঁর স্বামী নেশাগ্রস্ত ছিলেন। কিন্তু মাদক ব্যবসায় জড়িত নন। তিনি অভিযোগ করেন, থানা-হাজতে তাঁর স্বামীকে পেটানো হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পল্টন থানার ওসি মোরশেদ আলম।