লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম বাপ্পি, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ ছাত্রলীগের সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চন্দ্রগঞ্জে বিক্ষোভ হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আদালত গত বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দ্রগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে চন্দ্রগঞ্জ থানা–পুলিশ গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়ক থেকে তুলে দেয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সাজাপ্রাপ্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ছাত্রলীগের ১৯টি সাংগঠনিক শাখার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল করা হয়েছে।