সাজাপ্রাপ্ত প্যানেল মেয়রের পদ বাতিল হচ্ছে
ভ্রাম্যমাণ আদালতকে হুমকি দেওয়ার অপরাধে সাজাপ্রাপ্ত মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুল কবীরের কাউন্সিলরের পদ বাতিল হচ্ছে।
আজ শুক্রবার মেহেরপুরের মেয়র মুতাছিম বিল্লাহ প্রথম আলোকে জানান, তাঁর কাউন্সিলরের পদ বাতিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, কোনো জনপ্রতিনিধি আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হলে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাঁর কাউন্সিলর পদ থাকার কথা নয়। এ জন্য সাজাপ্রাপ্ত কাউন্সিলরের পদ বাতিলে তিনি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
গত বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) ফরিদ হোসেনের আদালতকে হুমকি দেওয়ার অপরাধে প্যানেল মেয়র মঞ্জুরুল কবীরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিচারক ফরিদ হোসেন প্রথম আলোকে জানান, ওই দিন সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ডে পশু হাসপাতালের পেছনে পরিত্যক্ত ভবনের ভেতরে বসে তিন যুবক হেরোইন সেবন করায় তাঁদের এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের মল্লিকপাড়ার শাহি (৩২), ভূমি অফিসপাড়ার হীরক (২৯) ও ঘোষপাড়ার রাজকুমার ঘোষ (৩১)। এ সময় প্যানেল মেয়র দণ্ডপ্রাপ্ত যুবকদের ছেড়ে দিতে আদালতকে চাপ দেন। যুবকদের ছাড়া না হলে আদালতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার হুমকি দেন তিনি। ঘটনার সাক্ষী আছে। এ অপরাধে আদালত প্যানেল মেয়রের বিরুদ্ধে ওই রায় দেন।
অভিযোগ আংশিক স্বীকার করে প্যানেল মেয়র মঞ্জুরুল কবীর বলেন, তিনি মাদকসেবীদের ছাড়াতে গিয়েছিলেন। তবে আদালতকে হুমকি দেননি। ভ্রাম্যমাণ আদালত তাঁকে যে সাজা দিয়েছেন, এটাকে ‘সাজানো ঘটনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন তিনি।