সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার একজন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি বলে জানা গেছে। গত ২৯ মে ভোলা মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁর বিরুদ্ধে তৃতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী গত ২৫ মে বন উজাড় ও দখলকারী সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের জন্য জেলার মুখ্য বিচারিক হাকিমের কাছে আবেদন করেছেন। ওই আবেদনপত্র সূত্রে জানা গেছে, বন বিভাগের জমি দখল এবং বন উজাড় করার অভিযোগে মো. আবদুুল খালেক, তাঁর দুই ছেলে মো. আলাউদ্দিন ও মো. ফরহাদ এবং মো. লিটন, মো. মায়েন উদ্দীনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বন আইনে ১৯৯৭ সালে একটি মামলা হয়েছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০২ সালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে আপিল করে জামিন পান। কিন্তু ২০০৫ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাঁদের আপিল নামঞ্জুর করে নিম্ন আদালতের রায় বহাল রেখে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। কিন্তু আসামিরা এখন পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেননি। এ অবস্থায় সাজা নিশ্চিত করার অনুরোধ করা হয়।মো. সাঈদ আলী বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সরকারি বন রক্ষা করতে বাধার সৃষ্টি হচ্ছে। কারণ, তাঁরা আগের মতোই বন উজাড় করে ওই বনের জমি দখলে নিয়ে বিক্রি করছেন।বন কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলা মুখ্য বিচারিক হাকিম আদালত গত ২৯ মে তৃতীয়বারের মতো মো. আলাউদ্দিন, মো. ফরহাদ, মো. মাইনুদ্দিন ও মো. লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মো. আবদুল খালেক ইতিমধ্যে মারা গেছেন।বাংলাদেশ নির্বাচনি বিধি অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী ও সাজাপ্রাপ্ত আসামি ফেরারি হলে তিনি নির্বাচনে প্রার্থী ও নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন না।মনপুরা ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনির চন্দ্র দাস বলেন, গত ২ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মো. আলাউদ্দিন ও তাঁর ভাই ফরহাদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে তাঁরা যে সাজাপ্রাপ্ত ফেরারি আসামি, এ-সংক্রান্ত কোনো কাগজপত্র জমা দেননি। মো. আলাউদ্দিন ২৮১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জোবায়ের হোসেন চৌধুরী পেয়েছেন ২৬৬৯ ভোট।জোবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘সাজাপ্রাপ্ত ফেরারি আসামি হয়ে আলাউদ্দিন ২০০৪ সালে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ক্ষমতার প্রভাবে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। এর তদন্ত চলছে।’নবনির্বাচিত চেয়ারম্যান মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ১৯৯৭ সালে মামলা হয়েছে, সাজা হয়েছে। সে মামলায় খালাসও হয়েছি। কিন্তু প্রতিপক্ষ চৌধুরী গং টাকা ও ক্ষমতার বলে বন বিভাগকে দিয়ে আবার সেই মামলা দাঁড় করিয়েছে।’ভোলার পুলিশ সুপার (এসপি) বসির আহমেদ বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পাওয়ার পর আমি তা মনপুরা থানায় পাঠিয়ে দিয়েছি।’মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির বলেন, ‘আমি এখনো আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পাইনি।’