সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ভোলার চরফ্যাশনের আবদুল জলিলের বিচার ভুল আইনে হওয়ায় তাঁকে অবিলম্বে কারামুক্তিসহ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আবদুল জলিলের জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ গত বছরের ১৫ ডিসেম্বর এ রায় দিয়েছিলেন। গতকাল বুধবার ওই রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, ধর্ষণের মামলায় আবদুল জলিলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু ওই সময়ে তিনি নাবালক ছিলেন। শিশু আইনে তাঁর বিচার হওয়ার কথা থাকলেও ওই মামলার বিচার হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, অপরাধ সংঘটনের সময় জলিলের বয়স ছিল ১৫ বছর। অভিযোগপত্র জমার সময় তাঁর বয়স ছিল ১৬ বছর। ওই সময়ে কার্যকর শিশু আইন, ১৯৭৪ অনুসারে ১৬ বছর পর্যন্ত ব্যক্তিকে শিশু হিসেবে ধরা হতো। এ জন্য জলিলের প্রকৃত বয়স নির্ধারণ করে বিচার করা উচিত ছিল। কিন্তু তা না করে তাঁকে সাধারণ আইনে বিচার করা হয়েছে।

>শিশু আইনে আবদুল জলিলের বিচার হওয়ার কথা থাকলেও ধর্ষণের মামলার বিচার হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে

পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়, আবদুল জলিলকে ১৪ বছর ধরে কারাগারে আটকে রেখে তাঁর জীবনের যে ক্ষতি করা হয়েছে, তা কীভাবে পূরণ করা হবে? আদালত মনে করেন, জলিলকে রাষ্ট্রের আর্থিক ক্ষতিপূরণ দেওয়াই যুক্তিযুক্ত। এ জন্য জলিলের জীবনের ১৪ বছরের বিনিময়ে তাঁকে রাষ্ট্রপক্ষের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।
পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২০০১ সালের ২৪ সেপ্টেম্বর চরফ্যাশন থানায় জলিলের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০০৪ সালের ৩০ আগস্ট ওই মামলায় ভোলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে জেল আপিল করেন জলিল। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জলিলের যাবজ্জীবন সাজা বাতিল করে মামলাটি পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে পাঠান। জলিল অপরাধ সংঘটনের সময় নাবালক ছিলেন কি না, তা নির্ণয় করতে ওই সময়েই দিকনির্দেশনা দিয়েছিলেন ওই দ্বৈত বেঞ্চ। ওই দিকনির্দেশনার পরেও জলিলকে বিচারের ক্ষেত্রে শিশু আইনের কোনো বিধান প্রতিপালন করা হয়নি। ২০১০ সালের ৮ মার্চ ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালত আবার জলিলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে আবার জেল আপিল করেন জলিল। ওই জেল আপিল নিষ্পত্তি করে গত বছরের ১৫ ডিসেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্ট।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আসামিকে ৫০ লাখ টাকা দেওয়া রাষ্ট্রপক্ষের জন্য কষ্টসাধ্য ব্যাপার হবে। ভুল করলে বিচারক বা প্রসিকিউটর করে থাকতে পারেন। সে জন্য আসামি অবশ্যই খালাস পাওয়ার যোগ্য।
রাষ্ট্রের ওপর অর্থদণ্ড চাপানো হয়েছে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, অর্থদণ্ডের বিষয়ে আপিল করা উচিত। তবে অন্য পর্যবেক্ষণগুলো নিয়ে রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য নেই। রাষ্ট্রপক্ষকে আদালত অবশ্যই জরিমানা করতে পারেন। তবে ৫০ লাখ টাকা অতিরিক্ত হয়ে গেছে।