সাজাপ্রাপ্ত সিরাজুলের প্রক্সি দিতে এসে আদালতে যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আদালতে প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা আসামি সিরাজুল হকের পক্ষে প্রক্সি দিতে আসা শরিফুদ্দিন চৌধুরী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।জানা যায়, প্রতারণার দায়ে সিরাজুল হক দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০০৬ সালের ২৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তিনি আনসার আলী, মজিদ, আ. রহমান, এম এ হোসেনসহ পাঁচজন ব্যবসায়ীর বিরুদ্ধে লুটপাটের মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মামলাটি মিথ্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এ ছাড়া মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগে সিরাজুল হকের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত বছরের ২৩ সেপ্টেম্বর আদালত সিরাজুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার দিন থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুল ইসলামের পরিচয় দিয়ে শরিফুদ্দিন আত্মসমর্পণ করেন। এ সময় প্রতিপক্ষ আইনজীবীরা শরিফুদ্দিনকে চ্যালেঞ্জ করে বিষয়টি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। জিজ্ঞাসাবাদে প্রতারক শরিফুউদ্দিন প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। এরপর তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী গত ১৪ ফেব্রুয়ারি সিরাজুল হককে ৩৫ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় বেকসুর খালাস দেন। আদালতের রায়ে বলা হয়, চেক জালিয়াতির বিষয়টি প্রমাণ হলেও কোম্পানিকে পক্ষ না করায় আদালত এস কো. স্টিল লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আলমকে খালাস দিয়েছে। ওই রায়ে ক্ষুব্ধ বাদীপক্ষ উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে।