সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ওই দুই আসামি হলেন আবু নাছের চৌধুরী ও মো. সেলিম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে ওই দুই আসামি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোলাম রাব্বানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যা মামলার সাক্ষী ছিলেন।

২০০৪ সালের ১১ এপ্রিল চট্টগ্রাম নগরের মুরাদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন গোলাম রাব্বানী। এর ১৩ দিন পর তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় করা মামলায় ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে আসামি মো. সেলিম, মো. হাশেম, মো. সোহেল, আবু নাসের চৌধুরী ও হুমায়ুন কবির চৌধুরীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দুই আসামি সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুল ও মনসুর আলমকে খালাস দেন আদালত। পরে সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে আপিল করেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে খালাস পাওয়া সাইফুল ইসলামের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন বিচারিক আদালতকে। এ জন্য মামলাটির বিচারিক কার্যক্রম আবার শুরু হয়েছে। তিনি জানান, উচ্চ আদালত অন্য আসামিদের সাজা বহাল রাখেন। একই সঙ্গে উচ্চ আদালত আবু নাসের চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. সেলিম ও সাইফুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।গতকালআবু নাসের চৌধুরী ও মো. সেলিম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেক আসামি সাইফুল ইসলাম গত ৫ ডিসেম্বর আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।