সাজাপ্রাপ্তসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর ও সিলেটের গোলাপগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের একজন সাজাপ্রাপ্ত ও অন্যদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গত বুধবার ভোর থেকে সিলেট সদর ও গোলাপগঞ্জ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, সাতটি মুঠোফোন ও ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে তিন থানার পুলিশ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কানিসাইল গ্রাম থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের কালা বাবুল (৩৮), চককবিরাজী গ্রামের বাজিদ মিয়া (২৮) ও কুলাউড়া উপজেলার বিলেরপাড় গ্রামের মাহমুদ আলী (৩২) এবং সিলেট সদরের কদমতলি এলাকা থেকে কমলগঞ্জ উপজেলার পলকিরপাড় গ্রামের মো. হারুন মিয়া (৩২) ও তাঁর ভাই রাজু আহমদ ওরফে ছত্তারকে (৩০) গ্রেপ্তার করে। মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আলমগীর হোসেন গতকাল বৃহস্পতিবার (১২ এপ্রিল) পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘এরা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে বাজিদ মিয়া ডাকাতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি।’