সাজাভোগের পর দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দীর্ঘদিন সাজাভোগের পর ১৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার বেলা একটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে।ফিরে আসা বাংলাদেশিরা হলেন: লিটন বাবু (২০), আলম হোসেন (২৮), শাহিদুর রহমান (১৯), প্রভাত চন্দ্র রায় (৩০), সুবল চন্দ্র রায় (২৮), মকলেছ মণ্ডল (২৮), মনছুর আলী (৩০), রণজিৎ বিশ্বাস (২০) এবং শিশুরা হলো: রুবেল উড়াও (১৭), বিপ্লব শেখ (১৬), নীল কান্ত রায় (১৫), সালাম মণ্ডল (১৭) ও সুমন মণ্ডল (১৬)।হিলি ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, সাজাভোগকারী ১৩ জন বিভিন্ন সময় দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁরা ধরা পড়েন। ভারতে বিনা পাসপোর্টে প্রবেশের অভিযোগে মামলা করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর ফলে তাঁরা ভারতের বালুরঘাট ও রায়গঞ্জ কারাগারে সাজাভোগ করেন। আর পাঁচ শিশুকে বালুরঘাট শুভালয় আশ্রমে রাখা হয়।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরল ফেরদৌস বলেন, সাজাভোগের পর দেশে আসা বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।