সাজার বিরুদ্ধে হাজি সেলিমের লিভ টু আপিল, চেয়েছেন জামিনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিম লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন। এতে তিনি জামিনও চেয়েছেন। আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ১০ বছরের সাজার রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। পাশাপাশি জামিনও চাওয়া হয়েছে। লিভ টু আপিলে ৩৫টি যুক্তি দেওয়া হয়েছে। লিভ টু আপিলের ওপর আগামী সপ্তাহে চেম্বার আদালতে শুনানি হতে পারে।

হাইকোর্টের রায় অনুসারে ২২ মে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তিনি জামিনের আবেদন জানান। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে হাজি সেলিমকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাজি সেলিমের করা আপিলের ওপর গত বছরের ৯ মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁকে ১০ বছরের সাজা বহাল এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে খালাস দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭–এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

আত্মসমর্পণের পর ১০ বছরের সাজার বিরুদ্ধে আজ লিভ টু আপিল করলেন হাজি সেলিম।

এদিকে হাইকোর্টের রায়ে তিন বছরের সাজা থেকে হাজি সেলিমকে খালাসের বিরুদ্ধে ১০ মে লিভ টু আপিল করেছে দুদক। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিচারিক আদালতের রায়ে হাজি সেলিমের তিন বছরের সাজা হয়। হাইকোর্ট তাঁকে এই সাজা থেকে খালাস দেন। এর বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলে বিচারিক আদালতের রায়ে হাজি সেলিমকে দেওয়া তিন বছরের সাজা পুনর্বহাল চাওয়া হয়েছে। হাজি সেলিমের লিভ টু আপিল এবং দুদকের লিভ টু আপিল একসঙ্গে শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন জানানো হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ

হাজি সেলিম ও তাঁর স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে প্রায় ১৫ বছর আগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করে দুদক।

বিচারিক আদালত ২০০৮ সালের ২৭ এপ্রিল রায় দেন। রায়ে হাজি সেলিমের মোট ১৩ বছরের কারাদণ্ড হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছর ও সম্পদের তথ্য গোপনের দায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর স্ত্রী গুলশান আরাকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে হাজি সেলিম ও ২০১৩ সালে তাঁর স্ত্রী আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি তাঁর সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ হাইকোর্টে তাঁর আপিলের ওপর আবার শুনানি করতে বলেন।

গত বছরের ৩১ জানুয়ারি হাজি সেলিমের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়। গত বছরের ৯ মার্চ হাইকোর্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের সাজা বহাল রাখেন। তবে সম্পদের তথ্য গোপনের জন্য দেওয়া তিন বছরের কারাদণ্ড বাতিল করেন। হাজি সেলিমের স্ত্রী মারা যাওয়ায় তাঁর আপিলটি বাতিল (অ্যাবেট) হয়।