সাজার ভয়ে আদালতে যান না খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। এখন সাজা পাওয়ার ভয়ে তিনি একেক দিন একেক অজুহাত দাঁড় করিয়ে আদালতে যান না।
গতকাল বৃহস্পতিবার গণভবনে জাতীয় নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময়ে রাজশাহী জেলা ও মহানগর, শরীয়তপুর, নেত্রকোনা, নাটোর, নরসিংদী, সাতক্ষীরা, ঝিনাইদহ জেলা ও জেলাধীন উপজেলা ও প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পরামর্শ দেন। তিনি খুলনায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘তিনি যে আমাকে দেখতে চান না, সেটা তিনি কাজে প্রমাণ করেছেন। ২০০৪ সালে ২১ আগস্ট তাঁর ছেলে ও মন্ত্রীদের দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছেন। আমাকে দেখতে চান না বলেই আমার পরিবারের সবাইকে যে দিন হত্যা করা হয়েছে, সেদিন ভুয়া জন্মদিন পালন করেন। যেদিন আমি শোকে কাতর থাকি, সেদিন তিনি উৎসব করেন।’ তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ উদ্বোধন: প্রধানমন্ত্রী সকালে ৬০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ উদ্বোধন করেন। পরে ঢাকা মেডিকেলের শহীদ ডা. শামসুল আলম খান মিলন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, তাঁর সরকার মানুষের মৌলিক চাহিদা মেটানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এখন খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী মহাজোট সরকারের আমলে চিকিৎসক ও নার্সদের পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতির পরিসংখ্যান তুলে ধরে বলেন, আর কোনো সরকারের আমলে এত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।
শেখহাসিনা প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে এই হাসপাতাল-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০০১ সালের এপ্রিল মাসে। বিরোধী শক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘উড়ে এসে যারা জুড়ে বসে, তারা উন্নয়ন চায় না। তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।’
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ ও হাসপাতাল-২-এর প্রকল্প পরিচালক বায়জীদ খুরশীদ বক্তব্য দেন।