সাজার মেয়াদ পেরোলেও রংপুর কারাগারে তিন ভারতীয় বন্দী
সাজার মেয়াদ শেষে কারও নয় বছর পেরিয়ে গেছে, আবার কেউ পার করেছেন সাত মাস। কারাভোগের পর এত দিনে তাঁদের মুক্তজীবনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে রংপুর কেন্দ্রীয় কারাগারেই মুক্তির প্রহর গুনছেন ভারতীয় তিন নাগরিক।
বিষয়টি নিশ্চিত করে রংপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানায়, ভারতের আসাম রাজ্যের দারং জেলার মঙ্গলদই থানার বাবুল সরমা ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সাজা ভোগ করছেন। তাঁর দণ্ডভোগের সময়সীমা শেষ হয়েছে ২০০৪ সালের ২৭ নভেম্বর। আর উত্তর প্রদেশ রাজ্যের শ্রী গয়াধর ১৯৯৭ সালের ১৭ আগস্ট থেকে সাজাভোগ করছেন। তাঁর কারাদণ্ডের মেয়াদ শেষ হয়েছে গত ১৯ জুন। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার লক্ষ্মী ভট্টাচার্য ২০১১ সালের ১২ জুলাই থেকে কারাভোগ করছেন। তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১০ জুলাই।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জাতীয় পরিষদের সদস্য কে জী এম ফারুক বলেন, বিষয়টি মানবাধিকারের লঙ্ঘন। আইন অনুযায়ী তাঁদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।
রংপুর কেন্দ্রীয় কারগারের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, কিন্তু ওপর মহল থেকে ওই তিন বন্দীর মুক্তির বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে।