সাজার মেয়াদ শেষ হওয়ার পরও শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন নয়জন ভারতীয় নাগরিক। দীর্ঘ কারাভোগের পর তাঁরা এখনো মুক্তি পাননি। কবে মুক্তি পাবেন তাও জানেন না এসব কারাবন্দী। জেলা কারা কর্তৃপক্ষ এসব বন্দীর মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশনা না পাওয়ায় তাঁদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। জেলা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলার গারো পাহাড়ের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান, অস্ত্র আইন ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় ১৫ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেন। পরবর্তী সময়ে শেরপুরের আদালত থেকে ওই ১৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে তাঁরা কারাগারে আটক রয়েছেন। সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ১৫ জনের মধ্যে নয়জনের তিন বছর করে সাজা ভোগের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ১০ বছরের সাজাপ্রাপ্ত ছয়জনের মধ্যে দুজনকে ইতিমধ্যে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আসামের বরপেটা জেলার বাসিন্দা হরকুমার ও মহিশ্বর। বর্তমানে ১৩ জন শেরপুর কারাগারে আটক রয়েছেন। তাঁদের মধ্যে যে নয়জনের সাজার মেয়াদ শেষ হয়েছে তাঁরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের পুরাকাশিয়া এলাকার সেলিম মারাক, অ্যাগুটা সাংমা ও নেভাল মারাক, তুরা জেলার টোচাং সাংমা, রংগু মমিন ও ওয়ালেং সাংমা, উইলিয়াম নগর জেলার চিমসাং মারাক, আসামের ধুবরি জেলার মানকারচর এলাকার মানিক আলী ও হালিম মিয়া। এ ছাড়া সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আটক রয়েছেন ভারতের আসাম রাজ্যের বরপেটা জেলার বাসিন্দা খানদুই ও জীবন, গোয়ালপাড়া জেলার বাসিন্দা ওরারাও এবং ঘোলাঘাট জেলার বাসিন্দা শম্ভু। জেলা কারাগারের কারাধ্যক্ষ শাহ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাজার মেয়াদ উত্তীর্ণ নয়জন ভারতীয় বন্দীর মুক্তির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে কারাবন্দী এসব ভারতীয় নাগরিক কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যে রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় তাঁদের শীতবস্ত্র ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়েছে। অপরদিকে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, সাজার মেয়াদ উত্তীর্ণ বন্দীদের মুক্তি ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।