সাজার রায়ের বিরুদ্ধে সাংসদ বদির আপিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি। ১০ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।
আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখন দুদকের মামলা শুনানির জন্য নির্ধারিত হাইকোর্টের বেঞ্চে আপিলটি উপস্থাপন করা হবে। পরে বিষয়টি কার্যতালিকায় এলে সাংসদ বদির জামিন চাওয়া হবে। আপিলে সাংসদ বদিকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে বলে তিনি জানান।
সম্পদের তথ্য গোপনের দায়ে ২ নভেম্বর সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। তবে দুদকের করা এই মামলার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
আদালতের রায়ে বদিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
২০১৪ সালে এ মামলায় সাংসদ বদি ১৮ দিন কারাগারে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির নাম আছে ১ নম্বরে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এ তালিকা করা হয়। একই বছরের ডিসেম্বরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে আরেকটি তদন্ত হয়। তাতে সাংসদের আট আত্মীয়কে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও সাংসদ বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ওই তালিকায় তাঁর ১৭ জন আত্মীয়ের নাম আছে। আর রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারীদের তালিকায়ও তিনি আছেন ১ নম্বরে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৩ সালের অক্টোবরে এ তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট এ মামলা করে দুদক। এজাহারে বলা হয়, আবদুর রহমান জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে তিনি কম মূল্যে সম্পদ কেনা দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন। গত বছরের ৭ মে দুদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ও ২৬(২) ধারায় এই মামলায় অভিযোগপত্র দেয়। গত বছরের ৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।