সাজিদ সম্পর্কে জানতে চারজনকে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন জায়গা থেকে গত ২৫ অক্টোবর বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ গ্রেপ্তার চারজনকে আজ রোববার আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনায় প্রধান সন্দেহভাজন শেখ রহমাতুল্লাহ সাজিদ ওরফে মাসুমের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তা জানতে তাঁদের রিমান্ড আবেদন করা হয়।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মনোয়ারা বেগম তিন দিন মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া চারজন হলেন মাওলানা মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও সালাউদ্দিন আহমেদ (২৯)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) নেতা-কর্মী।

২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন। নিহত শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল জেএমবির সদস্য বলে পুলিশের দাবি।
এ ঘটনায় গত ৮ নভেম্বর কলকাতা বিমানবন্দর থেকে সাজিদকে গ্রেপ্তার করা হয়। সাজিদ বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এর আগে তাঁকে গ্রেপ্তারে এনআইএর পক্ষ থেকে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
১১ নভেম্বর সাজিদের বড় ভাই সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দায় বাড়ি থেকে মোনায়েমকে আটক করে র‌্যাব। এরপর র‌্যাব তাঁকে পুলিশের কাছে সোপর্দ করলে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে সাজিদই মাসুম কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।

আরও পড়ুন